✕


স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ

ভুল নির্দেশনায় স্থির ট্রেনে ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৬৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৩:২৩:২৩ |

স্পেনের টলেডো প্রদেশের উর্দা শহরের কাছে বুধবার দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পিউটার ব্যবস্থার ত্রুটি ও সম্ভাব্য মানবিক ভুলের কারণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মাদ্রিদ থেকে সেভিলগামী দ্রুতগতির রেলপথে একটি স্থির ট্রেনের পেছনে ধাক্কা দেয় স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের পরিচালিত একটি ট্রেন। ধাক্কা খাওয়া ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ইরিও।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, রেল পরিচালনার নিরাপত্তাব্যবস্থা এলজেডবিতে কম্পিউটারগত ত্রুটির কারণে প্রায় ৬৩ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। পরে রেল অবকাঠামো পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা এডিআইএফ ম্যানুয়ালি ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়। এ সময় লাল সংকেত থাকা সত্ত্বেও ভুল নির্দেশনার কারণে রেনফের ট্রেনটিকে চলার অনুমতি দেওয়া হয়। পরে ঘণ্টায় প্রায় ১২৪ মাইল গতিতে চলতে থাকা ট্রেনটি স্থির ইরিও ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

নিহতদের মধ্যে ইরিও ট্রেনের ৪৪ জন এবং রেনফের ট্রেনের ২৪ জন যাত্রী রয়েছেন। দুর্ঘটনার পর পাঁচ শতাধিক জরুরি উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ দল, হেলিকপ্টার ও ড্রোন দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসায় কয়েকটি শহরে জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে আঞ্চলিক সরকার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দুর্ঘটনায় অবহেলা বা নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দেশটির শ্রমিক সংগঠন সিএসআইএফ পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

চলতি বছর স্পেনে এটি তৃতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে কর্দোবা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন। পরপর এসব দুর্ঘটনায় দেশটির রেল অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবারের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..