✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৩:০৪:০৮ |প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত শিবলি সাদিক পরিচালিত নব্বইয়ের দশকের আলোচিত সিনেমা ‘আনন্দ অশ্রু’। ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এর গানগুলোও আজও দর্শকের মনে জায়গা করে আছে। একই নামে এবার প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’।
এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। সঙ্গে আছেন সাইমন সাদিক। আর সিনেমাটি নির্মাণ করেছেন ‘দুই নয়নের আলো’ সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
গতকাল বুধবার সন্ধ্যায় সাজ্জাদুল ইসলাম সায়েমের তৈরি সিনেমাটির একটি লুক প্রকাশ করে মুক্তির তারিখ জানান নির্মাতা। এটি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালিত ১২তম সিনেমা।
নির্মাতা বলেন, ‘সেন্সরসহ সিনেমাটির যাবতীয় কাজ দুই বছর আগেই সম্পন্ন হয়েছে। মুক্তির জন্য ভালো সময় খুঁজতে খুঁজতে দুই বছর লেগে গেল। অবশেষে ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছি।’
সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র। সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’ মুক্তি দেওয়ার প্রত্যাশা করছেন নির্মাতা।