✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১২:৪৭:৩৭ |ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘ এই নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২টার পর থেকেই নতুন উদ্যমে নদীতে মাছ ধরা শুরু করবেন জেলার দুই লক্ষাধিক জেলে।
দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকার পর নদীতে নামার সুযোগ পাওয়ায় জেলেপল্লি ও মাছঘাটগুলোতে ফিরেছে উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।
প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নির্ধারিত অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য বিভাগ।
এই নিষেধাজ্ঞার দীর্ঘ ২২ দিন নদীতে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকায় ভোলার দুই লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েন। অধিকাংশ জেলেরই বিকল্প কোনো আয়ের উৎস না থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম অর্থনৈতিক সংকট ও মানবেতর দিন কাটাতে হয়েছে তাদের। সংসার চালাতে অনেক জেলেকেই চড়া সুদে ঋণ ও ধারদেনা করতে হয়েছে।
সরকারিভাবে জেলার প্রায় দেড় লাখ নিবন্ধিত জেলে পরিবারের জন্য মাথাপিছু ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও অনেক জেলে পরিবার সেই চাল পাননি বলে অভিযোগ রয়েছে।
এদিকে নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার খবরে জেলেদের মুখে হাসি ফুটেছে। বড় আকারের ইলিশ পাওয়ার আশায় গত কয়েকদিন ধরে জাল, নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার ঠিকঠাক করায় ব্যস্ত সময় পার করছেন তারা। নদীর পাড়ে ও জেলেপল্লিতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
অপরদিকে মাছ বেচাকেনার জন্য প্রস্তুত হচ্ছেন ঘাট ও আড়তের ব্যবসায়ীরা। মাছের আড়তগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে আবারও কর্মমুখর হয়ে উঠতে শুরু করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন আশা প্রকাশ করে বলেন, এই ২২ দিন কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে, যা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে পর্যাপ্ত মাছ পাবেন এবং সরকারের নির্ধারিত ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় ভোলা মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যৌথভাবে ২৯৭টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আইন অমান্য করায় ৮০ জনকে কারাদণ্ড এবং প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রায় ২ দশমিক ৬৩ মেট্রিক টন ইলিশ মাছ এবং ৯ কোটি ৯২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানায় এই বিভাগ।