✕


টানা সাত জয়ের পর মৌসুমের প্রথম হার ম্যানসিটির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৫, | ০৮:৫৪:৫৩ |

সাত ম্যাচে সাত জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানচেস্টার সিটি অবশেষে হারের মুখ দেখলো হলো। শনিবার (২৪ অক্টোবর) ভিলা পার্কে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে তারা। চলতি লিগ মৌসুমে এটিই তাদের প্রথম হার।

সিটির বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ে অ্যাস্টন ভিলা বেশ সফল। দুই দলের সর্বশেষ সাত দেখায় এটি ভিলার পঞ্চম জয়। ভিলা পার্কে সিটির বিপক্ষে টানা চতুর্থ জয়ও তুলে নিয়েছে তারা। সব মিলিয়ে এক বছরেরও কম সময়ে ভিলার কাছে টানা তিন ম্যাচ হারল সিটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকেরা। সিটি ডিফেন্ডার মার্ক গুয়েহির ভুল স্পর্শ থেকে বল পেয়ে অধিনায়ক জন ম্যাকগিন তা বাড়িয়ে দেন জ্যাকসনের উদ্দেশে। এলিয়ট অ্যান্ডারসনকে কাটিয়ে বক্সে ঢুকে জিয়ানলুইজি দোনারুম্মাকে পরাস্ত করেন সেনেগালিজ স্ট্রাইকার। তাতে এগিয়ে যায় ভিলা।

গোল শোধে মরিয়া সিটি এরপর আক্রমণের চাপ বাড়ায়। ইলিমান এনদিয়ায়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় অতিথিদের। ডান দিক থেকে এনদিয়ায়ের ক্রসে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান আর্লিং হালান্ড।

তবে সিটির স্বস্তি স্থায়ী হয় মাত্র আট মিনিট। বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবাপের নিচু ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জ্যাকসন। তাঁর শট দোনারুম্মার বাঁ হাতের নিচ দিয়ে জালে ঢুকে গেলে আবারও এগিয়ে যায় ভিলা। এরপর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল সিটি। হালান্ডের হেড গোলমুখে পৌঁছানোর আগেই দারুণভাবে বল ক্লিয়ার করেন ইয়ান মাতসান। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে চলতি মৌসুমে নিজেদের মাঠে প্রথম জয় তুলে নেয় ভিলা।

গত আগস্টে চেলসি থেকে ভিলায় যোগ দেওয়া জ্যাকসনও আছেন দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ছয় ম্যাচে ছয় গোল করেছেন তিনি। সব মিলিয়ে ১১ ম্যাচে তাঁর গোল সাতটি। ভিলার আক্রমণভাগে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই স্ট্রাইকার।

এই হারের পরও লিগ টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। আট ম্যাচে তাদের পয়েন্ট ২১। তবে এক ম্যাচ কম খেলা আর্সেনাল এভারটনকে হারাতে পারলে সিটির সমান পয়েন্টে পৌঁছে যাবে। ফলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে সিটির ওপর চাপ বাড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..