✕


ইংলিশ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিকের নতুন ইতিহাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৫, | ০৮:৫৬:২৪ |

ইংলিশ ফুটবলে রেকর্ড গড়ার দিনে কিউপিআরের রিচার্ড কোনে সোয়ানসি সিটিকে স্তব্ধ করে দিয়েছেন। শুরুর পর থেকে হিসাব করলে ইংলিশ ফুটবলের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড করেছেন তিনি।

লফটাস রোডে গোলবন্যা শুরু করতে কোনের লেগেছিল দুই মিনিটেরও কম সময়। ঠিক ৭ মিনিট পর স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর কিউপিআর পেনাল্টি পেলে ১২ গজ দূর থেকে জাল কাঁপাতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড; ম্যাচের বয়স ১৫ মিনিট হওয়ার আগেই জুলিয়েন স্টেফানের দলকে বেশ বড় লিড এনে দেন কোনে।

এর মাধ্যমে ২০০৪-০৫ মৌসুমে ইএফএল রিব্র্যান্ডিং এবং রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডের শীর্ষ চার লিগের ইতিহাসে ম্যাচ শুরুর হিসাব ধরে দ্রুততম হ্যাট্রিক গড়ার নজির গড়লেন কোনে।

এর আগে সাউদাম্পটনের হয়ে ২০১৫ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে সাদিও মানের করা রেকর্ডটি তিনি এক মিনিটের ব্যবধানে ভেঙে দিলেন।

প্রথম ও তৃতীয় গোলের মধ্যবর্তী সময়ের হিসাবে (টাইম ইল্যাপসড) সাদিও মানের দ্রুততম হ্যাট্রিকের রেকর্ডটি অবশ্য এখনও অক্ষত। সাউদাম্পটনের সেই বিখ্যাত ৬-১ ব্যবধানের জয়ের ম্যাচে মাত্র ২ মিনিট ৫৬ সেকেন্ডের ব্যবধানে ৩টি গোল করেছিলেন মানে। তবে ইংল্যান্ড ফুটবলের ইতিহাসে এবার নিজের নামও স্বর্ণাক্ষরে লিখে নিলেন কোনে।

এই ম্যাচের আগে চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে মাত্র ৮টি গোল হজম করেছিল সোয়ানসি। চলতি মৌসুমে ছন্দ ফিরে পাওয়ার জন্য এর চেয়ে ভালো পথ আর হতে পারত না দলটির—কারণ গত মার্চের পর ১৩ ম্যাচে কেবল একটি গোল পেয়েছিলেন কোনে।

এটি পেশাদার ক্যারিয়ারে কোনের দ্বিতীয় এবং চ্যাম্পিয়নশিপ স্তরে প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০২৪ সালের অক্টোবরে লিগ ওয়ানে পিটারবোরো ইউনাইটেডের বিপক্ষে উইকম্ব ওয়ান্ডারার্সের হয়ে তিন গোল করেছিলেন তিনি; সেদিন বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক সম্পন্ন করেছিলেন।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইএফএলে মোট গোলসংখ্যা এখন ৩৪টি, যার বড় সাফল্য ও সুযোগ এসেছিল উইকম্ব ওয়ান্ডারার্সের হাত ধরে।

২০২৪ সালের জানুয়ারিতে নন-লিগ ক্লাব অ্যাথলেটিক নিউহাম থেকে কোনকে দলে ভেড়ায় উইকম্ব। আইভরি কোস্টে জন্ম নেওয়া এই স্ট্রাইকার মূলত ২০১৯ সালে অনুষ্ঠিত হোমলেস ওয়ার্ল্ড কাপে খেলতে প্রথমবারের মতো ইংল্যান্ডে এসেছিলেন।

এরপর অ্যাসেক্স সিনিয়র লিগে নিজের প্রথম মৌসুমে ৪৮ ম্যাচে ৪২ গোল করার অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ধাপে ধাপে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

গত বছরের আগস্টে উইকম্ব ছেড়ে কিউপিআরে যোগ দেন কোন এবং একই বছরের নভেম্বরে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..