✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২২, | ২২:৫০:০৮ |সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বিল খেলাপিদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সেবা প্রদানকারী সংস্থাগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
চিঠিতে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর, দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন যদি তিনি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হন।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লেখিত বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ ২৬ অক্টোবর সোমবার বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে প্রদান করা হবে।
পাঠানো তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী মতামত/তথ্যসহ মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট সংস্থা/কর্তৃপক্ষ থেকে একজন উপযুক্ত কর্মকর্তা পাঠানো প্রয়োজন।
মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা পাঠানোর পর কোনো মতামত/তথ্য পাওয়া না গেলে ধরে নেওয়া হবে তালিকায় বর্ণিত প্রার্থীরা উল্লিখিত বিধান অনুসারে অযোগ্য নন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এজন্য প্রার্থী তালিকার বিষয়ে তথ্যসহ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে ১ কর্মকর্তা পাঠাতে হবে। সেই সঙ্গে ২৬ অক্টোবর সোমবার বিকেল ৪টার পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংগ্রহ করতে হবে।
যে সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/ডিপিডিসি লিমিটেড (সাবেক ডেসা)/ডেসকো, ঢাকা ওয়াসা/চট্টগ্রাম ওয়াসা/বিটিসিএল/তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড/বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড/জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসলে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হলে ভোটের তফসিল দেয় ইসি।