✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৩, | ১৩:১৩:০১ |ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে রেকর্ডগড়া জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে কুশল মেন্ডিসের দল। ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় আত্মবিশ্বাস ছিল লঙ্কানদের।
প্রথম ম্যাচে হারার পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে ভালো করা। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন হ্যারি ব্রুক। ১১৬ বলে ২০২ রান করেছিলেন এই ইংলিশ তারকা।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতে মাত্র ২৪ রানের মধ্যে দুই উইকেট হারালেও পথ হারায়নি লঙ্কানরা। পরে আভিস্কা ফার্নান্দো ও পাভান রথনায়েকের দারুণ ব্যাটিংয়ে ম্যাচে ফেরে লঙ্কানরা। আভিস্কা ৯৭ রানে আউট হলেও পাভান সেঞ্চুরি তুলে নেন। এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া দাসুন শানাকা ঝড় তুলে ৫০ বলে ৯৭ রান করেন। জানিথ লিয়ানাগে অপরাজিত ৬১ রান করে ১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।
জয় নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস ম্যাচশেষে বলেন, ' সবারই বিশ্বাস ছিল যে, আমরা এটা(৪৩০ রান) করতে পারবো। আমরা প্রতিদিন মিটিংয়ে নিজেদের মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলি; নিজেদের ওপর বিশ্বাস রাখি। সবাই জানে কীভাবে খেলতে হয়, আর আজকে রান তাড়ার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে, আমরা ভালো খেলতে পারি এবং বড় স্কোর গড়তে পারি। আমি সত্যিই খুব খুশি।'
রান তাড়া করতে ব্যাটিং এপ্রোচের পরিকল্পনার কথাও জানান কুশল৷ শানাকাকে প্রমোশন দেওয়ার পরিকল্পনাও আগে থেকে ছিল তাদের।
কুশল আরো বলেন, ' কোচ ও আমি আলোচনা করছিলাম যে, আমাদের শুরুর কয়েক ওভার স্বাভাবিক খেলতে হবে। এরপর পরিস্থিতি বুঝে এগোতে হবে। আমরা ঠিক করলাম, দাসুনকে একটু আগেভাগে নামানো যায় কি না। আমার মনে হয়, ছেলেরা সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। প্রত্যেকেই দৃঢ় মানসিকতা দেখিয়েছে এবং দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমার মনে হয়, এই কারণেই আমরা ৪৩০ রান তাড়া করতে পেরেছি।'
ব্যাটারদের প্রশংসায় পঞ্চমুখ লঙ্কান অধিনায়ক। এমন জয়ে দারুণ খুশি এই ক্রিকেটার।
তিনি বলেন, 'আভিস্কা, পাভান, দাসুন, জানিথ-সবাই দারুণ ব্যাটিং করেছে। সবাই নিজেদের মানসিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসেবে আমি খুবই আনন্দিত।'