✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১১:৩৪:১৯ |ইয়েমেনে মাছ ধরার নৌকাসহ বিভিন্ন ধরনের নৌযান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করছে হুতি বিদ্রোহীরা, এমন অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ ধরনের কাজে নৌকা ব্যবহার করতে না দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।
সোমবার (১৯ অক্টোবর) জোটের জয়েন্ট ফোর্স কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, সমুদ্রপথে চার ধরনের নৌযান ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ইয়েমেনের নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে।
বিবৃতিতে নৌকার মালিকদের হুতিদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়। এ কাজে জড়ালে তাঁদের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে জোটটি।
গত সপ্তাহে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, আঞ্চলিক একটি পরাশক্তির কাছ থেকে হুতিরা আধুনিক অস্ত্রের প্রযুক্তি পেয়েছে। জোটের দাবি, হুতিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ স্থাপনা, সুড়ঙ্গ ও পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখছে।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা ব্যবহার করে হুতিদের অস্ত্র সরবরাহ করছে।
সূত্র: আল-আরাবিয়া, ডন