✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১৪:৪৯:৩৪ |বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে জোর দিয়েছে দুই দেশ। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লামের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. লুৎফর রহমানের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যানয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভিয়েতনামের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমাত্রিক অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন কাঠামোতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য। এর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, পর্যটন খাতে সহযোগিতা সহজতর করা এবং নতুন নতুন অংশীদারত্বের ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিদায়ী রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্য ভিয়েতনাম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটে।