অ্যালুমিনিয়ামের দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ০০:৫৪:০৯ |
সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি কিছুটা কমে আসায় শিল্প খাতে ব্যবহৃত ধাতুটির দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চে পৌঁছায়। খবর বিজনেস রেকর্ডার।

গত বৃহস্পতিবার সর্বশেষ লেনদেনে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি অ্যালুমিনিয়ামের দাম প্রতি টন ৩ হাজার ৩০৬ ডলার ৫০ সেন্টে পৌঁছায়, যা ১৩ আগস্টের পর সর্বোচ্চ। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জেও অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি টন ২৪ হাজার ৩২০ ইউয়ানে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাজারে মজুদ কমে আসা, চীনে মৌসুমি চাহিদা বাড়ার প্রত্যাশা এবং সরবরাহ বাড়ার সীমাবদ্ধতা অ্যালুমিনিয়ামের দামে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের বড় উৎপাদকদের উৎপাদন আবার বাড়ার সম্ভাবনা থাকলেও এ বছর বাজারে ঘাটতি থাকতে পারে বলে মনে করছেন তারা।

অ্যালুমিনিয়ামের মজুদও বর্তমানে ৩৬ বছরের সর্বনিম্নের কাছাকাছি রয়েছে। উৎপাদন, ভোগ্যপণ্য ও গাড়ি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত ধাতুটির বাজারে তাই সরবরাহ পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে দুর্বল হয়েছে মার্কিন ডলার। গতকাল ডলারের সূচক দশমিক ১৩ শতাংশ কমে যায়। এতে ডলারে মূল্যনির্ধারিত পণ্য অন্য মুদ্রার ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা হয়েছে। ফলে তামা, দস্তাসহ অন্যান্য শিল্পধাতুর বাজারেও কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..