✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৯৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:০০:০১ |

সিলেট বিভাগে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।

বুধবার (১২ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জনে।

জেলা ভিত্তিক হিসাবে, সিলেটে ২৯৮ জন, হবিগঞ্জে ১২৩ জন, মৌলভীবাজারে ১২৭ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। নিশ্চিত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের দুজনের রুবেলাও রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জনসহ অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

জেলা ভিত্তিক মৃত্যুর হিসাবেও হামের প্রাদুর্ভাবের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন। সন্দেহজনক ও নিশ্চিত—দুই হিসাব মিলিয়ে সিলেটে মোট ৪৭ জন, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচ মাস বয়সী এবং অন্যজন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছয় মাস বয়সী। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..