✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ময়মনসিংহ শিক্ষা বোর্ড

একজন পরীক্ষার্থী, শতভাগ পাস!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৮:৪৪:০৪ |

পরীক্ষার্থী মাত্র একজন। সেই একজনই পরীক্ষায় পাস করেছে। আর তাতেই প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ! ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে এমনই ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে ফুলবাড়ীয়া উপজেলার ‘ভালুকজান মডার্ন গার্লস একাডেমি’। বোর্ডের শতভাগ পাস করা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এ তালিকায় সবচেয়ে ছোট প্রতিষ্ঠানও এটি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালুকজান মডার্ন গার্লস একাডেমি থেকে অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকালে ফল প্রকাশের পর দেখা যায়, সেই শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। ফলে কাগজে-কলমে প্রতিষ্ঠানের সাফল্যের হার ১০০ শতাংশ।

বোর্ডের শতভাগ পাস করা ১০ প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেয় ২৮৯ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮৫ জন এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।

এ ছাড়া ইসলামপুর উপজেলার উত্তরা গোয়ালার চর আইডিয়াল হাই স্কুল থেকে ৩৪ জন, কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে ৩৬ জন, ময়মনসিংহ সদরের আইডিয়াল মডেল একাডেমি থেকে ৬৯ জন, সরিষাবাড়ীর চিলড্রেনস হোম পাবলিক স্কুল থেকে ৭৮ জন, ভালুকার নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাই স্কুল থেকে ১৬ জন এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

তবে শতভাগ পাসের বিপরীতে এবার বোর্ডের চার জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফল হয়েছে শূন্য। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা কলেজ (স্কুল শাখা) থেকে চারজন এবং ফুলবাড়ীয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়েও সবাই অনুত্তীর্ণ হয়েছে। জামালপুরের ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিল ১ লাখ ৯ হাজার ৬১৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন। বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

ফলাফলে এবারও ছাত্রীদের সাফল্য ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..