✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৩:৫১:৩৫ |সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্ট ঘিরে আলোচনায় ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। নিজের রাজ্য উত্তরাখণ্ডে জমি কিনে দিল্লি থেকে সেখানে স্থায়ীভাবে থাকতে চান তিনি। এ জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে সহযোগিতা চেয়েছেন পন্থ।
শনিবার রাত ১২টা ৪৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করেন পন্থ। সেখানে জানান, উত্তরাখণ্ডে নিজের বাড়ি করার জন্য গত প্রায় তিন বছর ধরে উপযুক্ত জমি খুঁজছেন তিনি। তবে প্রয়োজন অনুযায়ী জমি পাচ্ছেন না।
পন্থ লিখেছেন, তিনি দিল্লি থেকে নিজের বাড়ি উত্তরাখণ্ডে সরিয়ে নিতে চান। নিজের জন্মভূমি ও পাহাড়ি মানুষের কাছে ফিরে গিয়ে রাজ্যের জন্য কাজ করার পাশাপাশি সেখানে কিছু গড়ে তুলতে চান বলেও উল্লেখ করেন তিনি।
তবে পন্থের পোস্টের ভাষা ও বানান নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। দীর্ঘ পোস্টটিতে বেশ কিছু বানান ও ব্যাকরণগত ভুল ছিল। ফলে অনেকেই বিষয়টি নিয়ে মজা করার পাশাপাশি পন্থের এমন মধ্যরাতের আবেদন নিয়েও নানা মন্তব্য করেন।
এরপর আরেকটি পোস্টে আরও চমকপ্রদ আবেদন জানান পন্থ। উত্তরাখণ্ডের প্রতিনিধিত্ব করার জন্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জমি ‘উপহার’ হিসেবে দেওয়া হলে ভালো লাগত বলে মন্তব্য করেন তিনি। তবে শেষ পর্যন্ত সরকারি নির্ধারিত মূল্যে জমিটি কিনতে চান বলেও পরিষ্কার করেন ভারতীয় এই ক্রিকেটার।
পন্থ বলেন, উপহার দেওয়া সম্ভব না হলে সরকারের নির্ধারিত দামে জমি কিনতে চান তিনি। নিজের রাজ্যে প্রথম বাড়ি নির্মাণের ইচ্ছার কথাও জানান।
পন্থের এই পোস্ট দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত তার আবেদনের বিষয়টি নিয়ে আলোচনা করলেও কেউ কেউ পোস্টের বানান ও ব্যাকরণগত ভুল নিয়ে রসিকতা করেন।
এদিকে আগামী দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন পন্থ। ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজে না থাকার পর আবারও ভারতীয় দলে ফিরেছেন তিনি।
সম্প্রতি আইপিএল নিয়েও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন পন্থ। আইপিএল ২০২৭-এর নিলামের আগে ট্রেডের মাধ্যমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে তার পুরোনো দল দিল্লি ক্যাপিটালসে ফেরেন তিনি। দিল্লি ১৫ কোটি রুপিতে পন্থকে দলে নেয়, বিনিময়ে লক্ষ্ণৌ পায় স্পিনার কুলদীপ যাদব ও ১৩ কোটি ৫০ লাখ রুপি।