ইংল্যান্ড লায়ন্সকে বিদায় বলে দিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ২০:৫৫:২১ |

দুই বছর দায়িত্ব পালনের পর কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ‘ইংল্যান্ড লায়ন্স’-এর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফ্লিনটফ ২০২৪ সালের সেপ্টেম্বরে লায়ন্সের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৪৮ বছর বয়সী এই তারকা চলতি বছরের জুন মাসে বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফ্র্যাঞ্চাইজি ‘সিডনি থান্ডার’-এর প্রধান কোচের দায়িত্ব পান। এরপর ধারণা করা হচ্ছিল, তিনি একই সঙ্গে দুটি কোচিংয়ের দায়িত্ব পালন করবেন। তবে বিবিএল-এ ব্যস্ততার কারণে দক্ষিণ আফ্রিকায় লায়ন্সের দুটি চার দিনের ম্যাচ থেকে তাকে অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই কিংবদন্তি অলরাউন্ডার।

গত সপ্তাহে সমালোচনার মধ্যেই ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি এই সাবেক ক্রিকেটারের সমর্থনে এগিয়ে আসেন। তিনি বলেন, ফ্লিনটফকে দলে পাওয়া ইসিবির জন্য ‘অত্যন্ত সৌভাগ্যের বিষয়’।

ইসিবি-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লিনটফ বলেন, দুর্ভাগ্যবশত, আমি লায়ন্সের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের সেরা তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি যেমন আনন্দ পেয়েছি, তেমনি তাদের ক্রমবিকাশ দেখেও আমি অত্যন্ত গর্ববোধ করেছি।

এই অলরাউন্ডার আরও বলেন, আমি কোচ ও কর্মীদের তাদের অদম্য উদ্দীপনা, অক্লান্ত পরিশ্রম এবং প্রতিদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে এড বার্নির সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করেছি এবং পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে তাকে পাশে পাওয়াটা ছিল আমার জন্য সৌভাগ্যের বিষয়। বছরের শেষের দিকে থান্ডারের সঙ্গে কাজ শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..