✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৯:৪৫:২১ |অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট মিশন শুরুর আগেই আত্মবিশ্বাসী এক বার্তা দিলেন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করার পর এই অলরাউন্ডার জানিয়েছেন, কঠিন কন্ডিশনে সাফল্যের মূল চাবিকাঠি ছিল ধৈর্য, বলের মেরিট অনুযায়ী ব্যাটিং এবং পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। মূল সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দলের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন মিরাজ। দলের অন্য কোনো ব্যাটার অর্ধশতকের দেখা না পেলেও তিনি ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে ২৬৩ রানের সংগ্রহ এনে দেন।
দিনের খেলা শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে মিরাজ বলেন, শুরু থেকেই বড় শট খেলার চিন্তা করেননি। বরং উইকেটের আচরণ বুঝে ধীরে ধীরে ইনিংস গড়ে তোলার দিকেই মনোযোগ ছিল তার।
তিনি বলেন, “বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করছিল। এই কন্ডিশনে প্রথমবার খেলছি, তাই শুরুতে মানিয়ে নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটে টিকে থাকতে এবং ভালো পার্টনারশিপ গড়তে। পরে যখন সেট হয়ে গেছি, তখন সুযোগ কাজে লাগিয়ে রান বাড়িয়েছি।”
অস্ট্রেলিয়ার কন্ডিশনে পাওয়া এই সেঞ্চুরি আসন্ন টেস্ট সিরিজে আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন তিনি।
মিরাজ বলেন, “সামনে টেস্ট ম্যাচ রয়েছে। এই ইনিংস অবশ্যই আমাকে আত্মবিশ্বাস দেবে। একই মানসিকতা ধরে রেখে ধারাবাহিকভাবে খেলতে পারলে সেটা আমার এবং দলের জন্য ইতিবাচক হবে।”
শুরুর দিকে ব্যাটিং সহজ ছিল না বলেও স্বীকার করেন তিনি। তবে স্ট্রাইক রোটেশন, ধৈর্য এবং সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকানোর পরিকল্পনাই তাকে বড় ইনিংস খেলতে সাহায্য করেছে।
তিনি বলেন, “শুরু থেকেই কন্ডিশন কঠিন ছিল। তাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। স্ট্রাইক রোটেট করেছি, আর যখনই সুযোগ পেয়েছি তখনই বাউন্ডারি আদায়ের চেষ্টা করেছি।”
মিরাজের অপরাজিত ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। তার লড়াকু শতকের সুবাদেই বড় ধসের মুখে পড়েও ২৬৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫১ রান করেছে। বাংলাদেশের হয়ে নতুন বলে দুটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ফলে প্রথম দিনের শেষে ২১২ রানের লিড নিয়ে স্বস্তিতেই রয়েছে টাইগাররা।