✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:৪৩:৫৫ |মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যান চলাচল ও পথচারীদের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি বিরাজ করলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
শহরের ব্যস্ত শহীদ বাচ্চু সড়ক, সদর মডেল থানার সামনে থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়ক, মন্টু ভুইয়া সড়ক এবং ডা. অখিল বন্ধু সড়কসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্ত পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে।
বাঁশতলা এলাকার বাসিন্দা ইমরান আহমেদ পলাশ মুন্সি বলেন, তাদের এলাকার সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে থাকে এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আলম সরকার বলেন, পৌরসভার অনেক সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
স্থানীয় আর এক বাসিন্দা বলেন, ভাঙা সড়কের কারণে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের চলাচল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অটোরিকশাচালক শামীম ব্যাপারী বলেন, ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত মাদারীপুর পৌরসভায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। গত ১০ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নে ৫০ কোটির বেশি টাকা ব্যয় হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এ বিষয়ে মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে। বর্তমানে বৃষ্টির কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে একটি বড় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার সড়ক সমস্যার স্থায়ী সমাধান হবে।