✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:৩২:১৮ |ভারতের এক নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার চর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় দায়ের করা অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে জামালপুরের পুলিশ সুপারের কাছে পাঠানো লিখিত আবেদনের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু হয়।
পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় মঙ্গলবার রাত ১০টার দিকে ডিবি-১-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি-ভিডিও ব্যবহার করে অনলাইনে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং মানসিক হয়রানির অভিযোগে জড়িত ছিলেন।
এ ছাড়া ভুক্তভোগীর স্বজনদের কাছেও ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনটি ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।