✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১১:১৫:৪৫ |নতুন মৌসুমের আগে ইউরোপীয় ফুটবলের দলবদল বাজারে বইতে চলেছে উত্তাপের হাওয়া। টানা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে আক্রমণভাগকে আরও ধারালো করতে নতুন পরিকল্পনা সাজিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই পরিকল্পনা অংশ হিসেবেই আরবি লাইপজিগের আইভরিয়ান সেনসেশন ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই তরুণ উইঙ্গার প্রায় ১৪০ মিলিয়ন ইউরো(অ্যাড-অনসহ) মূল্যে আরবি লাইপজিগ থেকে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন। ফিফা বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবার নজ কাড়েন ইয়ান দিওমান্দে। ওই টুর্নামেন্টে তিনি দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
বিশ্বকাপে দেশের হয়ে উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ইভরি কোস্ট। ওই ম্যাচে দিওমান্দে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়া কুরাকাওয়ের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে তিনি একটি অ্যাসিস্টও করেছিলেন। বিশ্বকাপে দেশের হয়ে প্রতিটি ম্যাচেই তিনি খেলেছিলেন এবং দলটি প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
গত মৌসুমে লাইপজিগের হয়ে দিওমান্দে ১৩টি গোল করেন এবং ১০টি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেন। এর মধ্যে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে একটি হ্যাটট্রিকও ছিল; বুন্দেসলিগার ইতিহাসে এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন তিনি। এর আগে ১৯৬৫ সালে ওয়াল্টার বেখটোল্ড এই রেকর্ড গড়েছিলেন।
জার্মানি থেকে পাওয়া খবর অনুযায়ী, দিওমান্দের এই চুক্তিতে ১২৫ মিলিয়ন ইউরোর একটি নিশ্চিত ফি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি চুক্তিতে এমন কিছু শর্ত বা ‘অ্যাড-অন’ রয়েছে যার ফলে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাবটিকে আরও ১৫ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে।
১৯ বছর বয়সী এই খেলোয়াড় নতুন কোচ হোসে মরিনহোর সর্বশেষ সংযোজন। ২০২৬-২৭ মৌসুমের আগে দল পুনর্গঠনের লক্ষ্যে মরিনহো এর মধ্যেই বার্নার্ডো সিলভা, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে, কার্লোস এসপি এবং বিশ্বকাপজয়ী মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছেন।
দিওমান্দে আগমনের ফলে শুরুর একাদশে জায়গা করে নেওয়ার জন্য তাকে রিয়াল মাদ্রিদের নিয়মিত উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদিও ভিনিসিয়াসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। স্প্যানিশ রাজধানীতে আট মৌসুম কাটিয়ে ফেলা ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে এবং তিনি এখন উচ্চ বেতনের দাবি জানাচ্ছেন।
যুক্তরাজ্য থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য উন্নত বেতনের প্রস্তাব দিয়েছে। সময়ের সঙ্গে তিনি ক্লাবের সমর্থকদের অত্যন্ত প্রিয়পাত্র হয়ে উঠেছেন। ‘লস ব্লাঙ্কোস’-এর হয়ে ভিনিসিয়াস দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপাসহ মোট ১৪টি বড় ট্রফি জিতেছেন।