✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১৮:৩১:৪১ |শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপিলি জানান, মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসে দুটি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে ৫ জন এবং বন্যাজনিত দুর্ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। টানা বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।
আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, জলমগ্ন সড়ক দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা। নুয়ারা এলিয়া এবং বাদুল্লা জেলাসহ শ্রীলঙ্কার পাহাড়ি চা বাগান অঞ্চলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের সময়ে। সূত্র: এপি নিউজ, আল-জাজিরা