বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১৯:১৮:১১ |

‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মরদেহ তিনটি উদ্ধার করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এই তিনজনকে দুই থেকে তিনদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তিনটি মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতরা হলেন, উপজেলার চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) ও নিহত মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)। 

‎স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী ওই বাড়িতে গিয়ে বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে তারা ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের মরদেহ দেখতে পান। এ ঘটনায় তারা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তিনটি মরদেহ ঘর ও বারান্দায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত কচুয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ জানান, তিনটি মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 

তিনি বলেন, ওই বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারো নজরে আসেনি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক বিভাগ তদন্ত শুরু করেছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..