বাবেল মান্দেবের আশপাশে নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে মিশর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১৯:০৬:২৭ |

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুটগুলোতে তৈরি হওয়া নিরাপত্তার ঝুঁকির প্রেক্ষাপটে বাবেল মান্দেব প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করছে মিশর। 

ইসরায়েলি গোয়েন্দা তথ্য বিষয়ক প্ল্যাটফর্ম ‘নজিভ’-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মুখে বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই কায়রো এই কৌশলগত অবস্থান গ্রহণ করছে।

ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো মূলত লোহিত সাগর উপকূলে অবস্থিত মিশরের বেরেনিস নৌঘাঁটির সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখছে। এই ঘাঁটির অবস্থানের কারণে মিশরীয় নৌবাহিনী খুব সহজেই দক্ষিণ লোহিত সাগর এবং বাবেল মান্দেব প্রণালিতে নজরদারি ও কৌশলগত প্রভাব বিস্তার করতে পারে।

গোয়েন্দা সূত্রের মতে, সুয়েজ খালের দক্ষিণ প্রবেশদ্বারে অবস্থিত বহর থেকে ফ্রিগেট, করভেট, মিসাইল বোট এবং সম্ভব হলে মিস্ট্রাল-ক্লাসের হেলিকপ্টার বহনকারী যুদ্ধজাহাজ এই বহরে যুক্ত করা হতে পারে।

মূলত সুয়েজ খালের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণার পর নৌ-পরিবহন সংস্থাগুলোর আস্থা ফিরিয়ে আনাই কায়রোর প্রধান লক্ষ্য। সম্প্রতি দামিয়াত্তা বন্দরে জাহাজে ড্রোন হামলার ঘটনার পর মিশর নিজেদের অবকাঠামো ও সমুদ্রপথ সুরক্ষায় অতিরিক্ত তৎপর হয়েছে। এর পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের নেতৃত্বাধীন ৪৩ দেশের বহুপাক্ষিক নৌ-জোট গড়ে তোলার উদ্যোগে মিশর সংহতি প্রকাশ করেছে। কায়রো ও রিয়াদের এই যৌথ পদক্ষেপ ইসরায়েলকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করতে পারে কি না, তা নিয়ে তেল আবিবের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে পর্যালোচনা চলছে।

সূত্র: আল মায়াদিন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..