এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমির ফাইল জমা, গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:১২:৩৪ |

ঢাকার কেরানীগঞ্জে সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে জমি-সংক্রান্ত একটি মামলার ফাইল জমা দেওয়ার অভিযোগে মো. সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ আটিবাজার ভূমি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমনের বাড়ি কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়।

পুলিশ ও ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমি-সংক্রান্ত একটি মামলার আবেদনের ফাইলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার স্বাক্ষর জাল করে তা কার্যালয়ে জমা দেওয়া হয়।

পরে নির্ধারিত শুনানির সময় ফাইলটি যাচাই করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া দেখতে পান, তার নামে একটি স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি ওই ফাইলে কোনো স্বাক্ষর করেননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে আরও যাচাই করে নিশ্চিত হওয়া যায়, স্বাক্ষরটি জাল।

এরপর তিনি বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানাকে জানান। খবর পেয়ে ভূমি কার্যালয়ে গিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা ভূমি কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, প্রতি সোমবার ও বুধবার তার কার্যালয়ে ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার শুনানির সময় ফাইলটি যাচাই করতে গিয়ে জাল স্বাক্ষরের বিষয়টি ধরা পড়ে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ফাইলটি মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমি-সংক্রান্ত। জমিটির বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..