✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৭:২৯:৪২ |দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে বর্দো শহরের পশ্চিমে ২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতের আঁধারে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ৫০০ এর বেশি দমকলকর্মী কাজ করে যাচ্ছেন। দাবানলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হলেও এখন পর্যন্ত কেউ হতাহত হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে বোর্দো শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আটটি হলিডে ক্যাম্প ও ক্যাম্পগ্রাউন্ডে অবস্থানরত বহু পর্যটক রয়েছেন। এছাড়া বনের কিনারা ঘেঁষে গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোর ১ হাজারেরও বেশি বাসিন্দাকেও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নয়টি পৌরসভা বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আড়াই হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
এই গ্রীষ্মে দক্ষিণ ইউরোপে একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার প্রকোপ ও পৌনঃপুনিকতা বাড়ছে, যা এই অঞ্চলকে দাবানলের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
গ্রীষ্মকাল শুরুর আগেই শুরু হওয়া ধারাবাহিক তাপপ্রবাহের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। রেকর্ড তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার মধ্যে এই দাবানল বিশাল এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র পানিশূন্যতার কারণে গাছপালা ও উদ্ভিদ চরম চাপের মুখে রয়েছে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের মতে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১২,৫০০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে এবং প্রায় ৪৪,০০০ হেক্টর জমি ইতোমধ্যে পুড়ে গেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।