সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, নতুন বেতন কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে প্রথম ধাপেই মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলের গেজেট চলতি মাসেই প্রকাশ হতে পারে। একই সঙ্গে প্রস্তাবিত গ্রেডভিত্তিক নতুন মূল বেতন কাঠামোও সামনে এসেছে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকার রাজনৈতিক নির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে পুরো পে-স্কেল একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। তবে কোন গ্রেডে কত শতাংশ বা কত টাকা বেতন বৃদ্ধি পাবে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।
তিতুমীর বলেন, নতুন পে-স্কেলের গেজেট চূড়ান্ত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে। তবে গেজেট প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।
এর আগে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রীর ঘোষণার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং শুরুতেই মূল বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল (গ্রেডভিত্তিক মূল বেতন)
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী- ১ম গ্রেড: ১,৬০,০০০ টাকা, ২য় গ্রেড: ১,৩২,০০০ টাকা, ৩য় গ্রেড: ১,১৩,০০০ টাকা, ৪র্থ গ্রেড: ১,০০,০০০ টাকা, ৫ম গ্রেড: ৮৬,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০ টাকা, ৭ম গ্রেড: ৫৮,০০০ টাকা, ৮ম গ্রেড: ৪৭,২০০ টাকা, ৯ম গ্রেড: ৪৫,১০০ টাকা, ১০ম গ্রেড: ৩২,০০০ টাকা, ১১তম গ্রেড: ২৫,০০০ টাকা, ১২তম গ্রেড: ২৪,৩০০ টাকা, ১৩তম গ্রেড: ২৪,০০০ টাকা, ১৪তম গ্রেড: ২৩,৫০০ টাকা, ১৫তম গ্রেড: ২২,৮০০ টাকা ১৬তম গ্রেড: ২১,৯০০ টাকা, ১৭তম গ্রেড: ২১,৪০০ টাকা, ১৮তম গ্রেড: ২১,০০০ টাকা, ১৯তম গ্রেড: ২০,৫০০ টাকা, ২০তম গ্রেড: ২০,০০০ টাকা।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো সংক্রান্ত গেজেট প্রকাশ করা হতে পারে।
গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ জাতীয় আরো খবর..