ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’র কার্যক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে কৌশলগত ক্রুজ মিসাইল এবং অ্যান্টি-শিপ মিসাইল বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত রোববার এ পরীক্ষা চালানো হয়।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ পরীক্ষা পর্যবেক্ষণ করেন। যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র কমান্ড সিস্টেম যাচাই, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পদ্ধতিতে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া এবং উন্নত নেভিগেশন সিস্টেমের নির্ভুলতা ও অ্যান্টি-জ্যামিং পারফরম্যান্স পরীক্ষার জন্য দুটি কৌশলগত ক্রুজ মিসাইল এবং তিনটি অ্যান্টি-শিপ মিসাইল নিক্ষেপ করা হয়।
মিসাইলগুলো দেশের পশ্চিম উপকূলে প্রায় ৭ হাজার ৮৬৯ থেকে ৭ হাজার ৯২০ সেকেন্ড এবং অ্যান্টি-শিপ মিসাইলগুলো প্রায় ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭৩ সেকেন্ড ধরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কিম জং উনকে নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। এটি মূলত ‘চোয়ে হিয়ন’ শ্রেণির তৃতীয় এবং চতুর্থ যুদ্ধজাহাজ তৈরির প্রস্তুতির ইঙ্গিত দেয়।
কিম বলেন, দেশের পারমাণবিক যুদ্ধের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা একটি শীর্ষ অগ্রাধিকার। তিনি কৌশলগত ও ট্যাকটিক্যাল স্ট্রাইক সক্ষমতা এবং দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি বৃদ্ধির আহবান জানান।
পিয়ংইয়ং ২০২৫ সালের এপ্রিলে প্রথম ৫ হাজার টন ওজনের চোয়ে হিয়ন-ক্লাস যুদ্ধজাহাজে অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর জুনে ২০২৬ সালে আরও দুটি ডেস্ট্রয়ার তৈরি এবং প্রতি বছর একই বা তার চেয়ে উন্নত শ্রেণির দুটি জাহাজ কমিশন করার পরিকল্পনা ঘোষণা করেন কিম।
এ জাতীয় আরো খবর..