পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা চলছে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে হারছে।’
শনিবার (১১ এপ্রিল) তার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমকর্মীরা সবসময় বলছেন, ইরান জিতছে। এটা বলতে তারা ভালোবাসেন। অথচ বাস্তবে সবাই জানে, তারা হারছে এবং খুব বড়ভাবে হারছে।’
এরপর সংঘাত চলাকালে তার প্রশাসনের করা দাবিগুলো তিনি আবারও তুলে ধরেন। তিনি লেখেন, তাদের (ইরান) নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেই। রাডার ব্যবস্থা ধ্বংস। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলোসহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর আমাদের মধ্যে নেই।
ইরানের পক্ষ থেকে সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়।’
এ তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে।
মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার এর তথ্য বিশ্লেষণ করে বলেন, আমরা দেখেছি, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ আজ দুবাইয়ের ‘জেবেল আলি’ বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে।
মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, জাহাজটির গন্তব্য দেখানো হয়েছে ‘সিঙ্গাপুর’।
মার্কিন এ যুদ্ধজাহাজটি এমন সময় হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে, যখন ইরান জানিয়েছে, এ মুহূর্তে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।
এ জাতীয় আরো খবর..