যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলেই শাস্তির হুমকি ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ২২:৪১:২৬ |
যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোকে শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ এপ্রিল) ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকে ন্যাটোর দেশগুলোর যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধে ন্যাটোর যেসব দেশ যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন দেয়নি, তাদের বিরুদ্ধে শাস্তির হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে কী ধরণের শাস্তি দেওয়া হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন ন্যাটোর বেশকিছু দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। কয়েকটি দেশ নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল। মূলত এরপর থেকেই ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি ন্যাটোর দেশগুলো।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাজ্যসহ ইউরোপীয় বন্ধু দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়নি। এ কারণে তিনি ইউরোপীয় দেশগুলোকে ভীরু বলে উল্লেখ করেন এবং বিষয়টি মনে রাখবেন বলেও জানান। এদিকে, গত ১ এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোকে কাগুজে বাঘ বলেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের কথা ভাবছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..