লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক জানায়।
বিবৃতিতে বলা হয়, ভারত মনে করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরী। পাশাপাশি দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতার প্রতি সম্মান দেখানোর ওপর জোর দেয় দেশটি।
যদিও ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন।
উল্লেখ্য, ভারতের এ বিবৃতি প্রকাশের দু'দিন আগেই লেবাননে চলমান যুদ্ধে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। গত বুধবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সে সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন, লেবাননও এ যুদ্ধবিরতির আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা প্রত্যাখ্যান করেন।
এরপর লেবাননে একাধিক হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় এখনো পর্যন্ত লেবাননের প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন।
লেবাননে ইসরায়েলের এসব হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে চাপের মুখে ফেলেছে। উভয় দেশ তাদের বিরোধ নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। তবে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়।
ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখনো এ শর্ত মানেনি ইসরায়েল। এ নিয়েই মূলত নতুন করে উত্তেজনা বেড়েছে দুই পক্ষের মধ্যে।
এ জাতীয় আরো খবর..