হরমুজ প্রণালীতে মাইন এড়াতে আইআরজিসির মানচিত্র প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ২০:৩৭:১৫ |
সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। পাশাপাশি আইআরজিসি মাইন এড়াতে জাহাজগুলোর জন্য একটি মানচিত্র প্রকাশ করেছে। মানচিত্রে একটি বৃত্তাকার অংশকে ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, নৌ-মাইন এড়াতে জাহাজগুলোকে অবশ্যই তাদের সাথে সমন্বয় করে চলাচল করতে হবে।

আগে যেসব ট্যাঙ্কার প্রণালীর দক্ষিণ দিকে ওমানের কাছাকাছি দিয়ে যাতায়াত করত, সেগুলোকে এখন আরও উত্তর দিকে অর্থাৎ ইরানের উপকূলের কাছাকাছি পথ অনুসরণের নির্দেশনা দেওয়া হচ্ছে।

ঘোষিত নতুন রুটগুলো হলো-

প্রবেশ পথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে।

বহির্গমন পথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।

প্রসঙ্গত, ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এতে অগ্নিগর্ভ হয়ে উঠে গোটা মধ্যপ্রাচ্য। তবে যুদ্ধ শুরুর ৪০তম দিনে এসে বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান।

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..