সৌদি আরবের বিনোদন ও পর্যটন খাতে যোগ হতে যাচ্ছে নতুন এক মাইলফলক।
২৩ এপ্রিল রিয়াদসংলগ্ন কিদ্দিয়া সিটিতে উদ্বোধন হচ্ছে ‘অ্যাকুয়ারাবিয়া’ নামের ওয়াটার পার্কটি। এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক বলে দাবি সৌদি আরবের। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। বিনোদন, খেলাধুলা ও সংস্কৃতির বৈশ্বিক কেন্দ্র হিসেবে কিদ্দিয়া সিটির অবস্থান আরো সুসংহত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। অ্যাকুয়ারাবিয়া ওয়াটার পার্কটি প্রায় ২ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। সম্পূর্ণ পার্কটিকে আটটি ভিন্ন থিমযুক্ত জোনে ভাগ করা হয়েছে, যার প্রতিটি সৌদি আরবের স্থানীয় বন্যপ্রাণী ও প্রাকৃতিক ভূচিত্র দ্বারা অনুপ্রাণিত। দর্শনার্থীদের জন্য এখানে থাকছে ২২টি ভিন্নধর্মী রাইড ও অভিজ্ঞতা। কর্তৃপক্ষের দাবি, এর মধ্যে চারটি আকর্ষণ বিশ্ব রেকর্ড গড়ার মতো রোমাঞ্চকর।
জলক্রীড়ার পাশাপাশি এখানে সাতটি ‘ড্রাই রাইড’ বা শুকনো জায়গায় উপভোগ করার মতো রাইডও রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড়ের সুবিধাও রাখা হয়েছে এখানে। অন্তত পাঁচদিন আগে অগ্রিম টিকিট বুক করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। একটি টিকিটের মাধ্যমেই পার্কের সব রাইড ও আকর্ষণে প্রবেশ করা যাবে, তবে সার্ফিং করার জন্য আলাদা ফি দিতে হবে।
এছাড়া দীর্ঘ লাইন এড়াতে ‘অ্যাকুয়াফাস্ট পাস’ এবং বাড়তি বিলাসিতার জন্য ৯১টি লাক্সারি কাবানা ভাড়ার সুযোগ থাকছে। পাশাপাশি পার্কের ভেতরে কেনাকাটা ও খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে রয়েছে ২৪টি ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট এবং সাতটি রিটেইল স্টোর। অ্যাকুয়ারাবিয়া প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে একটি বিশেষ নিয়ম রাখা হয়েছে এখানে, প্রতি শুক্রবার পার্কটি সংরক্ষিত থাকবে শুধু নারীদের জন্য।
—খবর ও ছবি আরব নিউজ
এ জাতীয় আরো খবর..