কর ফাঁকি: ৩.৫৫ ট্রিলিয়ন ডলার ‘লুকিয়েছেন’ বিশ্বের ধনকুবেররা দাবি অক্সফামের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৭:৩১:৫৯ |
বিশ্বের অতিধনী ব্যক্তিরা কর কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে প্রায় ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন (৩ লাখ ৫৫ হাজার কোটি) ডলার গোপন করে রেখেছেন বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

সাম্প্রতিক এক বিশ্লেষণে সংস্থাটি জানিয়েছে, এ বিশাল অংকের অর্থ বিশ্বের মোট জিডিপির ৩ শতাংশেরও বেশি। খবর দ্য গার্ডিয়ান।


অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ অফশোর বা বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা রাখা মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারে। ২০১৬ সাল থেকে বিভিন্ন দেশের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদান ব্যবস্থা চালু হওয়ায় সম্পদ গোপন করার হার কিছুটা কমলেও এখনো ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন ডলারের কোনো হদিস নেই।

গবেষণার তথ্য অনুযায়ী, গোপন করা এসব সম্পদের প্রায় ৮০ শতাংশ বা ২ দশমিক ৮৪ ট্রিলিয়ন ডলারের মালিক বিশ্বের দশমিক ১ শতাংশ অতিধনী পরিবার। উদ্বেগজনক বিষয় হলো, এ ক্ষুদ্র একটি গোষ্ঠীর হাতে থাকা কর ফাঁকি দেয়া সম্পদের পরিমাণ বিশ্বের মোট দরিদ্র জনসংখ্যার অর্ধেক মানুষের হাতে থাকা মোট সম্পদের সমান।

অক্সফামের ট্যাক্স-বিষয়ক প্রধান ক্রিশ্চিয়ান হ্যালাম বলেন, ‘এটি কেবল চতুর হিসাববিজ্ঞান নয়, এটি ক্ষমতা ও দায়মুক্তির বিষয়। কোটিপতিরা যখন ট্রিলিয়ন ডলার অফশোর ট্যাক্স হ্যাভেনে সরিয়ে রাখেন, তখন তারা সমাজের সাধারণ নিয়ম-নীতির ঊর্ধ্বে চলে যান।’

প্রতিবেদনটি এমন এক সময় সামনে এল, যখন যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেশটির রাজস্ব বিভাগের সমালোচনা করে জানিয়েছে, খোদ ব্রিটেনেই কতজন কোটিপতি রয়েছেন, তার সঠিক হিসাব সরকারের কাছে নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..