গর্ভবতী পুত্রবধূর সিজারের সংবাদ পেয়ে নতুন জামা-কাপড় নিয়ে সাতক্ষীরায় যাওয়া হলো না শাশুড়ি রেহেনা খাতুনের (৪০)। পথে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছেলে ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত আহত হন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা খাতুন যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আকবর ওরফে আরমান আলীর স্ত্রী। দুর্ঘটনায় আহত ছেলে ইয়াসিন আরাফাত যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি।
ইয়াসিন আরাফাত জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে স্ত্রী মিমের সিজারের সংবাদ পেয়ে তিনি মা রেহেনা খাতুনকে নিয়ে রেল রোড এলাকা যান। সেখানে নবাগত সন্তান ও স্ত্রীর জন্য নতুন জামাকাপড় কেনেন। পরে মা-ছেলে মোটরসাইকেলে সাতক্ষীরায় মিমের বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী বালিবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে মা রেহেনা খাতুন রাস্তায় ছিটকে পড়েন। মুহূর্তেই ট্রাকটির চাকা শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..