সাতক্ষীরায় ভূমিকম্পে দেয়ালে ফাটল, ভেঙে পড়েছে ঘরের চাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ১৭:২২:০৫ |
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন সাতক্ষীরার বাসিন্দারা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা।

ভূমিকম্পের শক্ত ঝাঁকুনিতে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন।

বিভিন্ন এলাকায় বাড়িঘরে ফাটল দেখা গেছে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় কয়েকটি মাটির ঘরের খোলার চাল ভেঙে পড়েছে। সদর উপজেলার ঝাউডাঙ্গা মহাশশ্মানের প্রাচীর ধসে পড়েছে। একটি মন্দিরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

এছাড়া ভূকম্পনের সময় অনেকের বাড়িতে গ্যাসের চুলা ও আসবাবপত্র পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঝাউডাঙ্গা মহাশশ্মানের সাধারণ সম্পাদক চণ্ডী ঘোষ জানান, শ্মশানের একটি প্রাচীর ভেঙে সড়কের ওপর পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশাশুনি উপজেলার খাজরা গ্রামের বাসিন্দা কৃষ্ণ ব্যানার্জী জানান, ভূমিকম্পে তার দোতলা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে।


কম্পন শুরু হলে এলাকার অনেকেই ঘর থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..