মানুষ জীবনে অনেক দোয়া করে— নিজের জন্য, সুখের জন্য, বিপদ কাটানোর জন্য। কিন্তু এমন কিছু দোয়া আছে, যেগুলো শুধু ব্যক্তিগত কল্যাণেই সীমাবদ্ধ থাকে না; বরং তাতে নিজের পাশাপাশি যুক্ত হয় বাবা–মা, পরিবার, সমাজ এবং সমগ্র মুমিন উম্মাহ। কুরআনুল কারিমে মহান আল্লাহ এমনই একটি দোয়া তুলে ধরেছেন, যে এক দোয়ায় নিজের জন্য, বাবা–মায়ের জন্য এবং সমগ্র উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা রয়েছে।
এই দোয়াটি এক গভীর, বিস্তৃত ও হৃদয় স্পর্শ করা দোয়া— যেখানে একজন নবী নিজের জন্য যেমন ক্ষমা চান, তেমনি চান তার পিতা-মাতা, ঘরের মুমিন অতিথি এবং দুনিয়ার সকল মুমিন নর–নারীর জন্য মাগফিরাত। কুরআনের উল্লেখিত দোয়াটি আমাদের শেখায়— একজন মুমিন কখনো একা বাঁচে না; তার দোয়াতেও থাকে অন্যের জন্য ভালোবাসা। কুরআনের সেই দোয়াটি হলো—
رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِمَنۡ دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنًا وَّ لِلۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ؕ وَ لَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا تَبَارًا
উচ্চারণ: ‘রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও ওয়া লিলমু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়া লা তাযিদিজ জ্বলিমিনা ইল্লা তাবারা।’
অর্থ: ‘হে আমার রব! আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতা-মাতাকে, যারা ঈমান নিয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে, আর সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে। আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন।’ (সুরা নুহ: আয়াত ২৮)
দোয়াটির গভীর শিক্ষা
এটি একটি পরিপূর্ণ মুমিনের দোয়া—যেখানে ভালোবাসা, দায়িত্ববোধ ও ন্যায়বোধ একসাথে মিশে আছে। এই দোয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একসাথে এসেছে—
> নিজের জন্য ক্ষমা প্রার্থনা
> বাবা–মায়ের জন্য মাগফিরাত
> ঘরে আগত মুমিনদের জন্য দোয়া
> দুনিয়ার সকল মুমিন নর–নারীর জন্য ক্ষমা
> জুলুমের বিরুদ্ধে আল্লাহর ন্যায়বিচারের আবেদন
দোয়াটি আমাদের শেখায়—
একজন মুমিনের হৃদয় কখনো সংকীর্ণ হয় না। সে নিজের মুক্তির পাশাপাশি চায় বাবা–মায়ের মাগফিরাত, সমাজের কল্যাণ এবং সমগ্র উম্মাহর নাজাত। আসুন, আমরা এই দোয়াটি শুধু মুখে নয়—
> অনুভবে পড়ি
> নিয়মিত আমলে আনি এবং
> বাবা–মা ও মুমিনদের জন্য দোয়া করতে কখনো ভুলে না যাই
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের পিতা-মাতাকে ক্ষমা করুন এবং সমগ্র মুমিন উম্মাহকে তার রহমতের ছায়ায় রাখুন। আমিন।
এ জাতীয় আরো খবর..