সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩০, | ১৬:২৯:৪৯ |
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি মারা যান। মায়ের মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্ট দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী। অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।

তারেক রহমান বলেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।

তিনি আরও বলেন, দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

সবশেষ দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..