বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ২০:১৯:০১ |

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে বড় পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচেও টিকিটের দামে এসেছে পতন। শেষ ষোলোর আগে এই ম্যাচের রিসেল টিকিট যে দামে বিক্রি হচ্ছিল, কোয়ার্টার ফাইনালের আগে তা কমেছে ৫২ শতাংশ।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকর তথ্য অনুযায়ী, শেষ ষোলোর আগে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ২,৩৮১ ডলার। বর্তমানে সেটি নেমে এসেছে ১,১৪২ ডলারে।

শুধু আর্জেন্টিনার ম্যাচই নয়, অন্য কোয়ার্টার ফাইনালগুলোর টিকিটের দামও কমেছে। স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ৩,২৬১ ডলার থেকে কমে ১,৩৮১ ডলারে নেমেছে। অন্যদিকে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের টিকিট ৩,৮৬৬ ডলার থেকে কমে হয়েছে ২,০৪৯ ডলার।

বিশ্লেষকদের মতে, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর স্থানীয় দর্শকদের আগ্রহ কমে যাওয়ায় রিসেল বাজারে টিকিটের দাম দ্রুত নেমে এসেছে।

এদিকে বিশ্বকাপ ফাইনালের টিকিটও এখনও পুরোপুরি বিক্রি হয়নি। ফিফা বর্তমানে ফাইনালের প্রায় ১,২০০টি আসন বিক্রির জন্য উন্মুক্ত রেখেছে। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৭,৩৮০ মার্কিন ডলার।

তবে দাম কমলেও অনেক সমর্থকের কাছে বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার অভিজ্ঞতা এখনও অমূল্য। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জেক ভ্যান বারসেল জানান, দাম কিছুটা কমায় তিনি শেষ মুহূর্তে টিকিট কিনে ১৩ বছর বয়সী নাতিকে নিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘এটা এমন একটি স্মৃতি, যার মূল্য টাকায় মাপা যায় না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..