✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:২৫:৫৩ |বিশ্বে প্রথমবারের মতো মানুষের মতো দেখতে দুটি হিউম্যানয়েড রোবট জীবিত একটি প্রাণীর শরীরে সফলভাবে অস্ত্রোপচার করেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান দিয়েগোর (ইউসি সান দিয়েগো) গবেষকদের এই সাফল্য চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
গবেষণায় রোবট দুটি একটি জীবিত শূকরের শরীরে পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার সম্পন্ন করে। অপারেশনের সময় তারা টিস্যু সরানো, পিত্তথলি আলাদা করা, প্রয়োজনীয় স্থানে ক্লিপ লাগানো এবং নিরাপদভাবে পিত্তথলি অপসারণের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে।
তবে গবেষকরা বলছে, এটি এখনো পুরোপুরি স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে পরিচালিত অস্ত্রোপচার নয়। পুরো প্রক্রিয়াজুড়ে প্রশিক্ষণপ্রাপ্ত মানব সার্জনরা দূর থেকে টেলিঅপারেশন প্রযুক্তির মাধ্যমে রোবটগুলো নিয়ন্ত্রণ করেন। নিরাপত্তার স্বার্থে রোবটগুলোকে বেঁধেও রাখা হয়েছিল, যাতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে রোগীর ক্ষতি না হয়।
গবেষণার উদ্দেশ্য ছিল, চিকিৎসক উপস্থিত না থাকলেও দূরবর্তী স্থান থেকে রোবটের মাধ্যমে অস্ত্রোপচার পরিচালনা করা কতটা সম্ভব, তা যাচাই করা। গবেষকদের মতে, বর্তমান প্রযুক্তি এখনো মানুষের ওপর নিয়মিত ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ক্লিনিক্যাল পর্যায়ে ব্যবহার শুরু করার আগে আরও বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এই গবেষণার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এতে বিশেষভাবে তৈরি কোনো ব্যয়বহুল সার্জিক্যাল রোবট ব্যবহার করা হয়নি। বরং বাজারে সহজলভ্য ইউনিট্রি জি১ মডেলের দুটি হিউম্যানয়েড রোবট ব্যবহার করা হয়েছে। প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার এই রোবটগুলোর ওজন প্রায় ৩২ কেজি এবং প্রতিটির দাম ২০ হাজার মার্কিন ডলারেরও কম। তিন আঙুলযুক্ত দক্ষ হাত, অতিরিক্ত নড়াচড়া করতে সক্ষম কবজি, থ্রিডি লাইডার সেন্সর এবং ডেপথ ক্যামেরার সাহায্যে তারা অস্ত্রোপচারের যন্ত্র দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হয়েছে।
বর্তমানে বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত সার্জিক্যাল রোবট হলো দা ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং নির্দিষ্ট অপারেশন থিয়েটারের জন্য তৈরি। গবেষকদের মতে, তুলনামূলক কম দামের হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে হাসপাতালের বিভিন্ন পরিবেশে মানুষের মতো চলাফেরা করে একাধিক ধরনের কাজ করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি চিকিৎসক-সংকটে থাকা প্রত্যন্ত অঞ্চল, ছোট হাসপাতাল, অ্যান্টার্কটিকার গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিংবা ভবিষ্যতের মহাকাশ অভিযানের মতো বিশেষ পরিবেশে চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষকদের ধারণা, বর্তমানে মানব নিয়ন্ত্রণে পরিচালিত হলেও ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় হিউম্যানয়েড রোবট আরও স্বয়ংক্রিয়ভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হতে পারে। তবে মানুষের চিকিৎসায় নিয়মিত ব্যবহারের আগে এ প্রযুক্তির নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
তথ্যসূত্র : ফোর্বস