টানা ২ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়।
সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন কার্যকর হয়। এরপর দামে আর পরিবর্তন আনা হয়নি। ফলে বুধবার (২৪ জুন) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে এ মূল্যবান ধাতু।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
