✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ২২:৫৬:৩৩ |ক্লাব ফুটবলে প্রায় সব অর্জনই আগে থেকেই ঝুলিতে ছিল। চার বছর আগে পূরণ হয়েছে দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নও। অনেকেই ভেবেছিলেন, ২০২২ বিশ্বকাপের পরই হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে নিজের প্রভাব স্পষ্ট করে দিয়েছেন ৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসি।
তবে শুধু মাঠেই নয়, গ্যালারিতেও ছিল আবেগঘন এক ভিন্ন গল্প। মেসির টানে বয়সের সীমা ভেঙে স্টেডিয়াম ভরিয়েছেন ভক্তরা, যেখানে একদিকে ছিল কোলের শিশু, অন্যদিকে ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও।
সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে এই আবেগঘন দৃশ্য। গ্যালারিতে থাকা শতবর্ষী ওই বৃদ্ধার হাতে ছিল ‘100 Year Old Messi Fan’ লেখা একটি ব্যানার। ম্যাচজুড়ে একাধিকবার ক্যামেরা ঘুরে যায় তাঁর দিকে। মেসির করা দুই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। পুরো ম্যাচজুড়েই তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।
একই সঙ্গে নজর কাড়ে এক খুদে ভক্তও। মেসির দ্বিতীয় গোলের পর ক্যামেরায় দেখা যায় বাবার কোলে বসা আর্জেন্টিনার জার্সি পরা এক শিশু। গ্যালারিতে হাজারো সমর্থকের উচ্ছ্বাসের মাঝেই সেও হয়ে ওঠে ‘মেসি ম্যানিয়া’র অংশ।
এই দুই প্রজন্মের সমর্থকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মেসির প্রতি ভালোবাসা যে বয়সের গণ্ডি মানে না, সেটিই যেন আবারও প্রমাণ করল এই দৃশ্য।
অন্যদিকে, এবার ৬৪ বছরের একটি রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। ২০২২ সালের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চলতি আসরেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসি ও রদ্রিগো দে পলরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।