দ্বিতীয় দিনের মতো আলোচনায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১৩:৩৩:৩৪ |

চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে দ্বিতীয় দিনের মতো আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান আলোচনা চলাকালীন অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। প্রথম দিনে উভয় পক্ষের বৈঠকের পর লেবাননের সংঘাত নিরসনে একটি ‘সংঘাত নিরসন সেল’ গঠনে সম্মত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর আলোচনা স্থগিত করা হয়েছিল। এরপর ইরানি প্রতিনিধিদল কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা স্থান ছেড়ে চলে যান। একজন ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক জানিয়েছেন, তেহরানের প্রতিনিধিদল ঘটনাস্থলেই রয়েছেন এবং আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের প্রধান আলোচকদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এদিকে যৌথ বিবৃতিতে পাকিস্তান ও কাতার জানিয়েছে, উচ্চ-পর্যায়ের আলোচনা শেষ হয়েছে এবং সপ্তাহের বাকি সময় সুইজারল্যান্ডে প্রযুক্তিগত আলোচনা চলবে। বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি ‘যোগাযোগ লাইন’ স্থাপন করতে এবং লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইয়ের অবসান ঘটানোর একটি প্রক্রিয়া নিয়ে সম্মত হয়েছে।

যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান মধ্যস্থতাকারীদের কাজের প্রশংসা করেছে। আরাগচি এক্স-এ লিখেছেন, পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীরা ‘লেবানন যুদ্ধের অবসানে বড় ধরনের অগ্রগতি’ এনেছেন। তিনি আরও যোগ করেন, আলোচনার প্রথম ‘প্রকৃত পরীক্ষা’ হবে এই প্রক্রিয়াটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই থামাতে সফল হয় কি না।

জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক বলেছেন, আলোচিত বিষয়গুলোর মধ্যে হরমুজ প্রণালী সম্পর্কিত ইরানের বার্তাও ছিল। লেবাননে চলমান লড়াইয়ের জবাবে ইরানের সামরিক বাহিনী শনিবার প্রণালীটি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের পুনরায় প্রণালীটি বন্ধ করার বিষয়টি অস্বীকার করেছে।

যদিও এই আলোচনায় বহু জটিল বিষয় অন্তর্ভুক্ত থাকবে, ইরান প্রথমে লেবাননের চলমান যুদ্ধ নিরসনের দিকে মনোযোগ দিতে চায়।

সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..