নিউইয়র্কে ম্যানহোলে পড়ে প্রাণ গেল নারীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৮:১৪:৫৩ |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফুটপাতে থাকা একটি ম্যানহোলে পড়ে ডোনিকা গোচাজ (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে কার্টিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ম্যানহোলে পড়ে যাওয়ার পর ডোনিকা গোচাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি ভারী মালবাহী ট্রাক ম্যানহোলের ওপর দিয়ে যাওয়ার সময় ঢাকনাটি সরে যায়। এর প্রায় ১২ মিনিট পর ডোনিকা গোচাজ তার গাড়ি পার্ক করে হাঁটা শুরু করলে খোলা গর্তটি দেখতে না পেয়ে সরাসরি নিচে পড়ে যান। 

প্রায় ১০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়ার পর তিনি চিৎকার করে বলেন, আমি মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী কার্লটন উড বলেন, আমি দেখলাম ওই নারী তার এসইউভি থেকে নেমে দরজা বন্ধ করলেন। এরপর সামনে পা রাখতেই মনে হলো তিনি চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন।

তিনি আরও বলেন, এটি যেকোনো মানুষের সঙ্গেই ঘটতে পারত। এটি অসচেতনতার কোনো বিষয় নয়।

এ ঘটনায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, এমন মর্মান্তিক ঘটনা যেন আর কোনো নিউইয়র্কবাসীর সঙ্গে না ঘটে, সে জন্য সিটি এজেন্সিগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

এ দিকে ম্যানহোলটির মালিকানা প্রতিষ্ঠান ‘কন এডিসন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানহোলের ঢাকনা সরে যাওয়ার মতো ঘটনা বিরল হলেও ভারী যানবাহনের চাপে এমনটি হতে পারে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..