জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া দুই দলই। আজ মুখোমুখি লড়াইয়ে যে দল জিতবে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের। ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ নিয়ে নির্ভুল প্রেডিকশন দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর্জেন্টিনার ৩-০ জয়ের স্কোর সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও প্রেডিকশন দিয়েছে। এআইয়ের মতে, আর্জেন্টিনা ২-১ গোলে হারাবে অস্ট্রিয়াকে।
কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বাভাস বলছে, এবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মতো একতরফা লড়াই নাও হতে পারে। এই পূর্বাভাসে বিবেচনায় নেওয়া হয়েছে দুই দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ছিল গোছানো, কার্যকর এবং আত্মবিশ্বাসী। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারালেও অস্ট্রিয়ার রক্ষণে কিছু দুর্বলতা দেখা গেছে, পাশাপাশি তারা প্রতিপক্ষকে বেশ কিছু সুযোগও দিয়েছে।
তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ডেভিড আলাবার অভিজ্ঞতা, রোমানো স্মিডের সৃজনশীলতা এবং রালফ র্যাংনিকের কৌশলগত পরিকল্পনা আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাই ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য থাকলেও অস্ট্রিয়ার গোল করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পূর্বাভাস সত্যি হলে শেষ পর্যন্ত জিতবে মেসিরাই।
