✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১৪:৩৫:৪৭ |চারজন সাক্ষী আসলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর ঠিক করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলম নতুন এ তারিখ ঠিক করেছেন।
কারাগারে থাকা ছয় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত সাক্ষ্য গ্রহণ পেছানোর এ তারিখ ঠিক করেন আদালত।
গত ২৬ অক্টোবর শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে এই মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত। ওইদিন আদালত ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
এদিন মামলার বাদী হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগমসহ চারজন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও আদালতে হাজির করা হয়। তবে অপর ছয় আসামিকে কারাগার থেকে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়।
বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, ও তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোলডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গত বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।