✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১৪:৩৪:৫৬ |রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভ এসব হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হামলা বন্ধের আহ্বান জানালেও ইউক্রেনের কর্তৃপক্ষ তা উপেক্ষা করছে। এ পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে।
এর আগে ইউক্রেন জানিয়েছিল, রাশিয়া একই ধরনের হামলা বন্ধ না করা পর্যন্ত রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করবে না কিয়েভ।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে চলা যুদ্ধে গত অক্টোবরের মাঝামাঝি ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণার পর রুশ জ্বালানি স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলা কিছুটা কমেছিল। তবে অক্টোবরের শেষ দিক থেকে আবারও হামলা বেড়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের বরাতে দুটি শিল্প খাতের সূত্রের হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে। নতুন কর্যে হামলা শুরুর পর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধও আরোপ করা হয়েছে। পুতিন বলেছেন, অভ্যন্তরীণ জ্বালানি বাজারের পরিস্থিতি এখনো কঠিন হলেও অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর পেট্রলের দাম স্থিতিশীল হয়েছে।
এদিকে, ফিনল্যান্ড উপসাগরে রুশ পণ্যবাহী জাহাজ স্পার্টা-২-তে শনিবারের ড্রোন হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাহাজটিতে অস্ত্র বহন করা হচ্ছিল বলে সেটি ইউক্রেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু ছিল। হামলায় জাহাজের একজন নাবিক আহত হন।
অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে পোল্যান্ড। দেশটির অভিযোগ, একটি রুশ নজরদারি ড্রোন সাময়িকভাবে তাদের আকাশসীমায় প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধ ও সংশ্লিষ্ট সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে শুক্রবার তিনটি রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হানে বলে জানিয়েছিল ওয়ারশ। সোমবার রাশিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার বিরুদ্ধে যুদ্ধ উসকে দেওয়ার মতো বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তোলে। স্থলসীমান্ত বন্ধের ঘোষণার পর মস্কো এ অভিযোগ করে।
এ ছাড়া শনিবার বাল্টিক সাগরে রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। রোববার লিবিয়ার একটি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌবাহিনীর করভেট ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ঘটনাটিকে আত্মরক্ষার বৈধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তাকারী ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে রুশ নাশকতামূলক হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা।
অন্যদিকে, মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাতভর রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে চার শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নর মিখাইলো সেমিকিন এ তথ্য জানিয়েছেন। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটির জানালাগুলো ভেঙে গেছে।
এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনালসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো।