✕


ব্যর্থ কপ-৩১, পৃথিবী বাঁচানোর আলোচনায় একমত হতে পারল না বিশ্ব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ২২:২৭:০০ |

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সময়সীমা, উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি রূপান্তরে অর্থায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা নিয়ে মতবিরোধের জেরে ভেস্তে গেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১।

তুরস্কের আনতালিয়ায় ১১ দিনের আলোচনা শেষে রবিবার কোনও সমঝোতা ছাড়াই শেষ হয় সম্মেলন।

সম্মেলনের চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের কোনও পথনির্দেশ না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ তা প্রত্যাখ্যান করে।

সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে। এর পরিবর্তে তারা কার্বন ধারণ প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নেয়।

জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ই৩জি-এর কর্মকর্তা কোসিমা ক্যাসেল বলেন, হরমুজ প্রণালিতে অস্থিরতা এবং বিশ্বে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় তেলনির্ভর দেশগুলো জ্বালানি রূপান্তরের গতি কমানোর চেষ্টা করেছে। তার মতে, অল্প কয়েকটি দেশের বাধার কারণে সংখ্যাগরিষ্ঠের অবস্থান প্রতিফলিত হয়নি।

উন্নয়নশীল দেশগুলোর জন্যও সম্মেলনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জ্বালানি খাতের রূপান্তর এবং জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু অর্থায়ন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কপ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণে সর্বসম্মতির বাধ্যবাধকতা সংস্কারের দাবি আরও জোরালো হতে পারে। তবে জাতিসংঘের এই প্রক্রিয়াই বিশ্বের প্রায় সব দেশকে আলোচনায় যুক্ত করার একমাত্র আন্তর্জাতিক মঞ্চ।

এদিকে, ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও তা অর্জন কঠিন হয়ে পড়ছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির পূর্বাভাস অনুযায়ী, কার্যকর পদক্ষেপ না নিলে ২১০০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর সবচেয়ে বড় ক্ষতি বহন করতে হবে দরিদ্র ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মানুষকে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..