✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ২২:১০:৪৪ |ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন অনিয়মের দায়ে ৩১ জেলায় ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম সোমবার একযোগে এ অভিযান পরিচালনা করে।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির বিষয়গুলো তদারকি করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ক্রয়ের ভাউচার সংগ্রহেরও অনুরোধ জানানো হয়েছে।
পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।