✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১৪:১০:১৮ |বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। সিরিজের প্রথম টেস্টে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তবে সেঞ্চুরিয়নের উইকেট টাইগারদের জন্য সহজ পরীক্ষা হতে যাচ্ছে না। কারণ, এই মাঠ বরাবরই পেসারদের স্বর্গ হিসেবে পরিচিত। যদিও ব্যাটসম্যানরা উইকেটে থিতু হতে পারলে বড় ইনিংস খেলার সুযোগও রয়েছে।
টেস্ট শুরুর আগের দিন সুপারস্পোর্ট পার্কের উইকেটে বেশ সবুজ ঘাস দেখা গেছে। ম্যাচের আগে কিছুটা ঘাস ছাঁটা হলেও উইকেটে গতি ও বাউন্স থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দুই দলের পেসারদের জন্যই বাড়তি সুবিধা অপেক্ষা করছে।
বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদকে ম্যাচের আগের দিন দীর্ঘ সময় বোলিং অনুশীলন করতে দেখা গেছে। বিশেষ করে খালেদকে অনুশীলন শেষে একা উইকেটের কাছে গিয়ে সেটি পর্যবেক্ষণ করতে দেখা যায়। এতে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
সেঞ্চুরিয়নের উইকেট সম্পর্কে নিজের ধারণা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। তার মতে, এটি একেবারেই সেঞ্চুরিয়নের চিরচেনা উইকেট। শুরুতে কিছুটা ধীরগতির থাকলেও সময়ের সঙ্গে উইকেটের গতি বাড়ে। পেসাররা যেমন সহায়তা পান, তেমনি ব্যাটসম্যানরা থিতু হতে পারলে বড় রানও করতে পারেন।
সুপারস্পোর্ট পার্কে সর্বশেষ টেস্টে পেসারদের দাপট দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সেই ম্যাচে চার ইনিংসের মধ্যে মাত্র একবার দলীয় সংগ্রহ ৩০০ ছাড়ায়। তবে শেষ পর্যন্ত ১৫০ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে কাগিসো রাবাদার অপরাজিত ৩১ রানের ইনিংস ছিল গুরুত্বপূর্ণ।
এর আগের টেস্টে অবশ্য ব্যাট-বলের দারুণ লড়াই দেখা যায়। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ডিন এলগার ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। অন্যদিকে বল হাতে রাবাদা ও নান্দ্রে বার্গার সাতটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা রাখেন।
সেঞ্চুরিয়ন পেসারদের জন্য কতটা সহায়ক, তার প্রমাণ মাঠের পরিসংখ্যানেও রয়েছে। এই মাঠে ১০ টেস্টে ৫৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় রয়েছেন ডেল স্টেইন। সমান ৫৯ উইকেট নিয়ে তার পাশে আছেন কাগিসো রাবাদা, যিনি এবার এককভাবে শীর্ষে ওঠার সুযোগ পাচ্ছেন।
তবে এই মাঠে ব্যাটসম্যানদের সাফল্যের ইতিহাসও কম নয়। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলা ১৩ টেস্টে ৭৫.৩৩ গড়ে পাঁচটি সেঞ্চুরি করেছেন। জ্যাক ক্যালিসও ১৬ টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেছেন ৭০.৩৮ গড়ে।