✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ইয়েমেন সংঘাতে নতুন মোড়, সৌদিতে যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে মিশর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:৩৯:৪৬ |

সৌদি আরবের প্রতি সামরিক সমর্থনের ঘোষণা প্রকাশ্যে আসার আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে মিশর। একই সঙ্গে সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে কায়রো। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলেও নিজেদের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে দেশটি। মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

মিশরের সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। এ ছাড়া মিশরের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে।

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিয়ে মিশরের উদ্বেগ দীর্ঘদিনের। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কা বাড়তে থাকায় অঞ্চলটিতে সামরিক তৎপরতা জোরদার করছে কায়রো। এর আগে গত আগস্টেও প্রণালিটির আশপাশে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিশর। সে সময় আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ মোতায়েনের খবর প্রকাশিত হয়।

এদিকে আল জাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগ গত মাসে ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের উপস্থিতি শনাক্ত করে।

এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরের বিমান দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের আকাশে উড়তে দেখা যায়। একপর্যায়ে বিমান দুটির সংকেত হারিয়ে যায়। পরে একটি বিমানকে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হলেও আল ওয়াজহের কাছে লোহিত সাগরের উপকূলের দিকে যাওয়ার সময় সেটির সংকেতও আর পাওয়া যায়নি।

মিডল ইস্ট আইকে দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ একাধিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করেছে মিশর।

এক সামরিক সূত্র জানায়, সংঘাত শুরুর পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে আলোচনা ও মতবিনিময় চলছিল। সামরিক সহায়তা ও সম্ভাব্য হস্তক্ষেপের ধরন নির্ধারণ করাই ছিল এসব আলোচনার উদ্দেশ্য।

ওই সূত্রের ভাষ্য, মিশর ও সৌদি আরব সামরিক সহযোগিতার বিষয়ে একমত হলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি ও কার্যক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে সমন্বয় চলছিল।

সংসদের অনুমোদনের আগেই সৌদিতে মিশরীয় সেনা
মিশরের সামরিক বাহিনীর এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। গত সোমবার (৯ নভেম্বর) ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সংসদের অনুমোদন চাওয়ার আগেই সৌদি আরবে মিশরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল।

আবদেলাত্তি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবের ওপর হামলা ও আগ্রাসনের পর কয়েক মাস আগেই সেখানে মিশরের উপস্থিতি শুরু হয়। বর্তমানে সেই সামরিক মোতায়েন আরও শক্তিশালী করার কাজ চলছে।

এর আগে গত ১৭ অক্টোবর সৌদি আরবের অনুরোধের পর দেশটির প্রতিরক্ষায় মিশরীয় সেনা মোতায়েনের অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সিসি। পরদিন তার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তার ঘোষণা দেওয়া হয়।

মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয়। একই সঙ্গে প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নেওয়াও বাধ্যতামূলক।

এই সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ ও ১৯ অক্টোবর সংসদে রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ২৬ অক্টোবরের অধিবেশনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন সংসদ সদস্যরা। এর ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ডকে বহিঃশত্রুর আগ্রাসন থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পান মিশরের প্রেসিডেন্ট।

তবে সংসদের অনুমোদনে সৌদি আরবে মিশরের সামরিক সহায়তার সুনির্দিষ্ট ধরন বা পরিধি উল্লেখ করা হয়নি। এমন সময়েই সামরিক মোতায়েনের বিস্তারিত তথ্য সামনে এসেছে, যখন ইয়েমেনের হুতি আন্দোলন থেকে সৌদি আরব লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। পরিস্থিতির অবনতিতে সৌদি আরবের নিরাপত্তা ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততাও বাড়ছে।

ইয়েমেনে স্থলসেনা পাঠানো নিয়ে মতবিরোধ
সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিশরের রাজনৈতিক নেতৃত্বের অবস্থান স্পষ্ট হলেও ইয়েমেনে স্থলসেনা পাঠানোর প্রশ্নে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে। মিশরের আরেকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তার দাবি, প্রেসিডেন্ট সিসি, সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার কমান্ডার এবং জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকগুলোতে উত্তর ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে মতবিরোধ দেখা দেয়।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের সামরিক অভিযানে মিশরের অংশগ্রহণের পক্ষে ছিলেন সিসি। তার যুক্তি ছিল, সৌদি আরবের ওপর হামলা বাড়তে থাকায় সামরিক সহায়তা দিতে আর দেরি করার সুযোগ নেই।

ওই কর্মকর্তা বলেন, চলমান যুদ্ধে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মিশরের সামরিক সহায়তা চেয়েছে। মিশরের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই এ অভিযানে অংশ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে পানিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লোহিত সাগর ও সুয়েজ খালের সুরক্ষাও জোরদার করা সম্ভব হবে। সৌদি আরবের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়ার বিষয়টিও মিশরের এই সিদ্ধান্তের অন্যতম বিবেচনা বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে গত ৩০ অক্টোবর মিশরের সংবাদমাধ্যমগুলো ব্যাংকিং সূত্রের বরাত দিয়ে জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে রাখা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছে সৌদি আরব। আমানতের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অল্প কিছুদিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক সংকটের চাপে রয়েছে মিশর। সৌদি আরবের এই আমানত দেশটির জন্য রিয়াদের বৃহত্তর আর্থিক সহায়তারই অংশ। উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় সিসির প্রকাশ্য প্রতিশ্রুতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসে। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে মিশরের সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে, এমন প্রমাণ প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। নভেম্বরে তুরস্কের সংসদও চুক্তিটি অনুমোদন করে।

তবে এই চুক্তির অর্থ এই নয় যে তুরস্কের যুদ্ধরত সেনারা ইয়েমেনে মোতায়েন হতে যাচ্ছে। সৌদি আরবকে সহযোগিতার ক্ষেত্রে তুরস্ক ও পাকিস্তান কী ধরনের সামরিক ভূমিকা রাখবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেনে স্থলসেনা পাঠানো এখনো অনিশ্চিত
এ পর্যন্ত সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার বিষয়টিই প্রকাশ্যে নিশ্চিত করেছে মিশর। তবে এই সহযোগিতা শেষ পর্যন্ত ইয়েমেনে স্থলসেনা পাঠানোর পর্যায়ে পৌঁছাবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

মিডল ইস্ট আইকে সামরিক মোতায়েনের তথ্য দেওয়া প্রথম সূত্রটি অবশ্য ইয়েমেন যুদ্ধে পরবর্তী সময়ে মিশরের স্থলবাহিনী অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তার মতে, বিমান ও নৌ অভিযানের মাধ্যমে হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করার পর স্থলবাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনায় আসতে পারে।

ওই সূত্র বলেন, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের মতো বহুজাতিক স্থলবাহিনীর অংশ হিসেবে ইয়েমেনে মিশরের সেনারা অংশ নিতে পারে। তবে সেটি শুধু মিশরের সেনাদের নিয়ে গঠিত কোনো বাহিনী হবে না।

ইয়েমেনের সংঘাতে মিশরের সামরিক সম্পৃক্ততার ইতিহাস অবশ্য নতুন নয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিল মিশর। সে সময় সৌদি আরব-সমর্থিত রাজতন্ত্রপন্থি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত প্রজাতন্ত্রপন্থিদের সহায়তায় হাজার হাজার সেনা পাঠানো হয়।

কিন্তু সেই অভিযান শেষ পর্যন্ত মিশরের জন্য দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সামরিক সংঘাতে রূপ নেয়। ১৯৭০ সালে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে ওই যুদ্ধে মিশরের হাজার হাজার সেনা প্রাণ হারান। অতীতের সেই অভিজ্ঞতার কারণে নতুন করে ইয়েমেনে স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত মিশরের জন্য বড় ধরনের সামরিক ও রাজনৈতিক বিবেচনার বিষয় হয়ে উঠতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..