✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:২৭:৩৫ |শীতের আগমনী বার্তা এখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে। হালকা হিমেল হাওয়ার অপেক্ষায় যখন মানুষ, তখন শেরপুরের মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির উৎসব। বিস্তীর্ণ চরাঞ্চল থেকে গারো পাহাড়ের পাদদেশ; যেদিকে চোখ যায়, সেদিকেই সবুজের সমারোহ। কোথাও মাচায় ঝুলছে শিম, কোথাও গাছে গাছে ধরেছে বেগুন, আবার কোথাও মাথা তুলে দাঁড়িয়েছে ফুলকপি ও বাঁধাকপির চারা। মাঠজুড়ে এই সবুজ আয়োজন শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায়নি, কৃষকের মনেও জাগিয়েছে নতুন আশার আলো।
আগাম সবজি চাষ করে ইতোমধ্যে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন শেরপুরের কৃষকেরা। শীতের বাজার ধরতে কয়েক মাস আগেই পরিকল্পনা করে জমিতে সবজির আবাদ করেছিলেন তারা। এখন সেই পরিশ্রমের ফসল উঠতে শুরু করেছে বাজারে। চাহিদা বেশি থাকায় মিলছে ভালো দাম। আর তাতেই কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
খাদ্যে উদ্বৃত্ত জেলা শেরপুরে সাম্প্রতিক বছরগুলোতে সবজি চাষের ক্ষেত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে গারো পাহাড়ঘেঁষা তিন উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বেড়েছে সবজির আবাদ। পাহাড়ি জমি ও চরাঞ্চলকে কাজে লাগিয়ে কৃষকেরা গড়ে তুলেছেন সবজির বিস্তীর্ণ খেত। একসময় যেসব জমিতে ধানের আবাদ হতো, সেসব জমিতে এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে নানা জাতের সবজি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অনুকূল আবহাওয়া ও সারের পর্যাপ্ত সরবরাহের কারণে এবার আগাম সবজি চাষে আগ্রহী হয়েছেন জেলার কৃষকেরা। ভাদ্র মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ে উঁচু জমিতে সবজির চারা রোপণ করেন তারা। ফলে শীতের শুরুতেই বাজারে আসতে শুরু করেছে বেগুন, শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, করলা, বরবটি ও লাউসহ বিভিন্ন ধরনের সবজি।
তবে এই সবুজের পেছনে রয়েছে কৃষকের নিরলস পরিশ্রম। অতিরিক্ত তাপমাত্রা, অসময়ের বৃষ্টি এবং পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা সব সময়ই তাদের ভাবিয়ে তোলে। তারপরও বেশি লাভের আশায় জমি পরিচর্যা, সেচ, সার প্রয়োগ ও পোকামাকড় দমনে ব্যস্ত সময় পার করছেন তারা। আগাম ফসল ঘরে তোলার তাড়নায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কাটছে অনেক কৃষকের সময়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর শেরপুরে ৫ হাজার ১৪ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ২ হাজার ৭৯০ হেক্টর, শ্রীবরদীতে ৬১৫ হেক্টর, ঝিনাইগাতীতে ৫৪৯ হেক্টর, নকলায় ৭৫৭ হেক্টর এবং নালিতাবাড়ীতে ৩০৩ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে।
আগাম সবজির বাজারদরও এখন কৃষকদের আশাবাদী করে তুলেছে। বর্তমানে পাইকারেরা প্রতি কেজি বেগুন ৫০ টাকা, শিম ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা এবং টমেটো ১০০ টাকা দরে কিনছেন। মৌসুমের শুরুতে বাজারে সবজির সরবরাহ কম থাকায় এসব পণ্যের চাহিদা ও দাম দুটিই বেশি। তবে কৃষকদের ধারণা, চলতি মাসের মাঝামাঝি থেকে বিভিন্ন এলাকার সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমে যেতে পারে।
সবজি চাষি আমিন, খলিল, সামেদুল ও উদেন ম্রংয়ের কাছে আগাম সবজির আবাদ একদিকে যেমন সম্ভাবনার, অন্যদিকে তেমনি বাড়তি ব্যয়েরও। তারা জানান, আগাম সবজি উৎপাদনে সাধারণ সময়ের তুলনায় বেশি শ্রম ও পরিচর্যার প্রয়োজন হয়। আবহাওয়ার ঝুঁকি সামলে ফসল বাজারে তুলতে বাড়তি খরচ করতে হয়। বর্তমান বাজারদরে কিছুটা লাভের মুখ দেখলেও উৎপাদন খরচ বিবেচনায় সবজির দাম আরও কিছুটা বেশি হলে তারা বেশি লাভবান হতে পারতেন।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া ও সার সরবরাহ অনুকূলে থাকায় এবার সবজির উৎপাদন ভালো হয়েছে। তবে কয়েক দিনের মধ্যে বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম কমে যেতে পারে। সে ক্ষেত্রে কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলে তারা উপকৃত হবেন। পাশাপাশি উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য জেলায় একটি বড় হিমাগার স্থাপন করা অত্যন্ত জরুরি।