✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:২১:৪৫ |উসমান খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনীতে করা বিভিন্ন অভিযোগের জবাব দিতে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কামিন্স জানান, সিডনির ক্রিকেট সেন্ট্রালে অনুশীলনের সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
কামিন্স লিখেছেন, 'আগামীকাল সকালে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলন করব। একই সময়ে নিউ সাউথ ওয়েলস দল শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবে। এ সপ্তাহের ঘটনাবলি নিয়ে সকাল সাড়ে ৯টায় সংবাদমাধ্যমের সবার সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত।'
তিনি আরও লিখেছেন, 'খাজার অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পূর্ণাঙ্গ বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য আমি কিছুটা সময় নিয়েছি। যাতে যথাযথভাবে জবাব দিতে পারি। কথা বলা শেষে সবাই থাকবেন এবং নিউ সাউথ ওয়েলস দলকে সমর্থন জানাবেন! এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিস্তারিত জানাতে বলব।'
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার পার্থে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শের।
২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড যেটি স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নামে পরিচিত, সেখানে জড়িত বর্তমান খেলোয়াড়দের মধ্যে প্রথম মুখ খুলেছিলেন মিচেল স্টার্ক। সিরিজের কোনো পর্যায়েই বলের আকৃতি পরিবর্তনে শিরিষ কাগজ ব্যবহারের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেন তিনি।
অন্যদিকে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া যখন বল টেম্পারিংয়ে ধরা পড়ে, তখন দলের রিজার্ভ খেলোয়াড় ছিলেন পিটার হ্যান্ডসকম্ব। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ বিষয়ে নতুন করে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।